
টানা ভারী বর্ষণে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। ঘরবাড়ি, সড়ক ও অলিগলি তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মাঠে নেমেছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি কাশিমপুরসহ মহানগরের বিভিন্ন জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় পানিবন্দী মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং জলাবদ্ধতায় ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। পরে তিনি নিজ হাতে পানিবন্দী অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সিটি করপোরেশনের নৈতিক ও মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে গাজীপুর সিটি করপোরেশন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। ত্রাণ, খাদ্য সহায়তা ও জরুরি সেবা নিশ্চিত করতে কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো মানুষকে অসহায় অবস্থায় ফেলে রাখা হবে না।
তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসন এবং ক্ষতিগ্রস্ত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিটি করপোরেশনের তদারকি ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান, জলাবদ্ধতার কারণে অনেক পরিবার ঘরবন্দী হয়ে পড়েছে। কোথাও কোথাও সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে যাওয়ায় চলাচলও বন্ধ হয়ে গেছে। দুর্যোগের মধ্যে প্রশাসক সরেজমিনে এসে মানুষের খোঁজখবর নেওয়া এবং খাদ্য সহায়তা দেওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন।
নিজস্ব সংবাদ : 










