
ছুটির দিন শুক্রবারেও গাজীপুরের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
এ সময় তারা নগরীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
শুক্রবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুর সিটি কর্পোরেশনের চলমান সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বর্তমান সময় এডিস মশার লার্ভা উৎপাদনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সচেতনতাই সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, “প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ, বেজমেন্ট এবং যেসব স্থানে পরিষ্কার পানি বা ময়লা-আবর্জনা জমে থাকতে পারে, সেগুলো দ্রুত পরিষ্কার করতে হবে। বিশেষ করে রঙের খালি ডিব্বা, ডাবের খোসা, একবার ব্যবহারযোগ্য প্লেট, টায়ার কিংবা যেকোনো পাত্রে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
পরিদর্শনকালে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীর জন্য পরিচ্ছন্ন, নান্দনিক ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে। উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান, মশক নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম আরও জোরদার করা হবে।
এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য কর্মকর্তা সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহরিয়ার নজির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী লেহাজ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী রকিবুল হাসান রাসেল, উপসহকারী প্রকৌশলী আমজাদ হোসেনসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদ : 










