
গাজীপুর মহানগরের পশ্চিম জয়দেবপুর দক্ষিণ পাড়া কমিউনিটি পুলিশ ইউনিট-২ এর উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) পশ্চিম জয়দেবপুরের দিলারা ইউনুস টাওয়ারে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, কমিউনিটি নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পশ্চিম জয়দেবপুর দক্ষিণ পাড়া কমিউনিটি পুলিশ ইউনিট-২ এর সভাপতি ডা. মোঃ শাহাবউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। তিনি বলেন, “কমিউনিটি পুলিশিং হলো জনগণ ও পুলিশের মধ্যে আস্থার সেতুবন্ধন। একটি এলাকার মানুষ যদি নিজ নিজ এলাকার নিরাপত্তা, শৃঙ্খলা ও সামাজিক সমস্যা সমাধানে সচেতন ভূমিকা পালন করেন, তাহলে অপরাধ অনেকাংশেই নিয়ন্ত্রণ করা সম্ভব।
তিনি আরো বলেন, “নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গঠনে প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। সমাজ থেকে অপরাধ নির্মূল এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর পুলিশের সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, “অপরাধ দমনে শুধু পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। জনগণ ও পুলিশের পারস্পরিক সহযোগিতা এবং তথ্য আদান-প্রদানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধ করা সম্ভব। কমিউনিটি পুলিশিং এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
প্রধান উপদেষ্টা ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোঃ আব্দুল করিম বলেন, “সামাজিক সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিং একটি সময়োপযোগী উদ্যোগ। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে অপরাধ প্রতিরোধে কাজ করলে একটি নিরাপদ ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মোঃ হান্নান মিয়া (হান্নু) কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করেন।
পরে অতিথিদের সম্মাননা প্রদান করা হয় এবং এলাকার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি ও সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
নিজস্ব সংবাদ : 










