
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গাজীপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া। সোমবার (১ জুন) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় জেলার উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং প্রশাসনের বিভিন্ন উদ্যোগ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। উন্নয়ন কর্মকাণ্ড, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সাধারণ মানুষের প্রত্যাশা-প্রাপ্তি তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার হলে সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মান আরও বৃদ্ধি পাবে।
তিনি বলেন, গাজীপুর জেলার উন্নয়ন কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবার মানোন্নয়নে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও এ সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় পর্বে সাংবাদিকরা জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, নাগরিক সেবা, জনদুর্ভোগ এবং গণমাধ্যম-প্রশাসনের পারস্পরিক সম্পর্ক নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পরে উন্মুক্ত আলোচনায় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নাজির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রাকিবুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসাইনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এছাড়া গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
নিজস্ব সংবাদ : 










