
গাজীপুর মহানগরের জয়দেবপুর কলাপট্টি রেলগেট সংলগ্ন এলাকায় অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান চালিয়েছে সিটি করপোরেশন। সোমবার পরিচালিত এ অভিযানে রেললাইনের দুই পাশ দখল করে গড়ে ওঠা দোকানপাট সরিয়ে দেওয়া হয়।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসনের সদস্যরা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অভিযান চলাকালে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সড়ক ও জনপথ দখলমুক্ত করে জনদুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, রেললাইনের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান মালিকদের প্রথমে তাৎক্ষণিকভাবে সরে যেতে বলা হয়। পরে তাদের অনুরোধে মালামাল সরানোর জন্য কিছুক্ষণ সময় দেওয়া হয়।
তিনি আরও বলেন, সরকারি সম্পত্তিতে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। কেউ পুনরায় দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উচ্ছেদকৃতদের পুনর্বাসনের বিষয়ে তিনি বলেন, সিটি করপোরেশন, স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্তদের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
গাজীপুর সিটি কর্পোরেশন নগরীর শৃঙ্খলা, নিরাপত্তা ও জনস্বার্থ নিশ্চিতকরণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন প্রশাসক।
বিশেষ প্রতিনিধি 


















