
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরে পালিত হয়েছে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠসংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বিএনপি, গাজীপুর সিটি করপোরেশন, জেলা পরিষদ, সদর সহকারী কমিশনার (ভূমি), শিল্পপুলিশ ও গাজীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত কর্মকর্তারা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
দিবসটি উপলক্ষে সকালে শহীদ বরকত স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া বঙ্গতাজ অডিটোরিয়ামে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে।
নিজস্ব সংবাদ : 


















