
গাজীপুর মহানগরের সদর পৌর ভূমি অফিস প্রাঙ্গণে ৫ দিনব্যাপী ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া।
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় আয়োজিত এ ক্যাম্পের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবাকে আধুনিক, সহজ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৭ এপ্রিল থেকে ১১ এপ্রিল ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্প চলবে। এ সময়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কর্তৃক নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা ভূমি অফিসে অবস্থান করে সরাসরি জনগণকে সেবা প্রদান করছেন।
ক্যাম্পে আগত হোল্ডিং মালিকদের সর্বশেষ ভূমি উন্নয়ন করের রশিদ, খতিয়ান বা পর্চার কপি, জাতীয় পরিচয়পত্র এবং সচল মোবাইল নম্বর সঙ্গে আনার জন্য অনুরোধ জানানো হয়েছে। এসব তথ্য হালনাগাদের মাধ্যমে ভূমি সেবাকে আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস বলেন, “সরকারের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন কার্যক্রমের মাধ্যমে আমরা সেবাগুলোকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে কাজ করছি। এই ক্যাম্পের মাধ্যমে নাগরিকরা সরাসরি তাদের ভূমি সংক্রান্ত তথ্য হালনাগাদ করার সুযোগ পাচ্ছেন, ফলে দালালচক্রের দৌরাত্ম্য কমবে এবং ভোগান্তিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।”
তিনি আরও বলেন, “ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নের ফলে সেবার মান যেমন বাড়বে, তেমনি জবাবদিহিতা নিশ্চিত হবে। আমরা চাই মানুষ যেন ঘরে বসেই অধিকাংশ ভূমি সেবা গ্রহণ করতে পারেন—এই ক্যাম্প সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য ভূমি সেবা গ্রহণকে অনেক বেশি সহজতর করবে এবং দীর্ঘদিনের জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিজস্ব সংবাদ : 










