
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গাজীপুরে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাটমন্দিরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুরের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. মামুনুর রশিদ, গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার, গাজীপুর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক জবিউল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহি-জনতার বিপ্লবের ঐতিহাসিক তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। তাঁরা ওই দিনের ঘটনাপ্রবাহ, দেশের রাজনৈতিক ইতিহাসে এর প্রভাব এবং জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিজস্ব সংবাদ : 









