
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন এলাকায় এক ব্যক্তির মালিকানাধীন জমি দখলকে কেন্দ্র করে দখলবাজদের তাণ্ডবের অভিযোগ উঠেছে। সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে গাছপালা কেটে ফেলা এবং মালিককে ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী মোঃ ইব্রাহিম মিয়া (৬০) অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে তার নিজস্ব প্রায় ১৮ শতাংশ জমি ভোগদখল করে আসছেন। কিন্তু হঠাৎ করেই স্থানীয় প্রভাবশালী একটি চক্র তার জমির ওপর নজর দেয় এবং তা দখলের অপচেষ্টা শুরু করে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৬ মার্চ সকাল আনুমানিক ১০টার দিকে মোঃ আলাউদ্দিন ও মোঃ সারোয়ারসহ ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রসজ্জিত অবস্থায় জমিতে প্রবেশ করে। তারা সেখানে থাকা গাছপালা নির্বিচারে কেটে ফেলে এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়।
এ সময় জমির মালিক বাধা দিতে গেলে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী ইব্রাহিম মিয়া বলেন, “আমার বৈধ জমি জোর করে দখল করতে তারা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”
স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে একাধিকবার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।
অবশেষে নিরুপায় হয়ে ভুক্তভোগী পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজস্ব সংবাদ : 










