
গাজীপুর মহানগরীর রাজবাড়ী মাঠে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও বিশ্বসাহিত্য কেন্দ্র-এর আয়োজনে শুরু হয়েছে চার দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাহরিয়ার নজির।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বইমেলা শুধু বই কেনাবেচার আয়োজন নয়—এটি জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশের এক প্রাণবন্ত মিলনমেলা। তরুণ প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় রয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্রের নিজস্ব প্রকাশনাসহ দেশের স্বনামধন্য প্রায় দেড় শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠানের ১০ হাজারের বেশি বই।
পাঠকদের জন্য শিশু-কিশোর সাহিত্য, মননশীল গ্রন্থ, ইতিহাস, দর্শন, বিজ্ঞান, আত্মউন্নয়ন ও সমসাময়িক নানা বিষয়ে সমৃদ্ধ সংগ্রহ রাখা হয়েছে। পরিবার-পরিজন নিয়ে দর্শনার্থীরা বই কেনার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনায় উপভোগ করতে পারবেন ভিন্নমাত্রার আয়োজন।
এদিকে আগামী ২৬ ফেব্রুয়ারি মেলা প্রাঙ্গণে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে গাজীপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হবে।
জেলা প্রশাসনের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এ আয়োজন গাজীপুরে পাঠাভ্যাস বৃদ্ধির পাশাপাশি সাহিত্য-সংস্কৃতিচর্চায় নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
নিজস্ব সংবাদ : 










