
হাসপাতালে চিকিৎসাধীন মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে তিনি সপরিবারে গুলশানের ১৯৬ নম্বর রোডের বাসভবনে প্রবেশ করেন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দুপুর থেকেই গুলশান এভিনিউ এলাকায় বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী জড়ো হন। তিনি বাসভবনের সামনে পৌঁছালে অপেক্ষমাণ নেতা-কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। ‘তারেক রহমান এসেছে, বাংলাদেশ হেসেছে’, ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে নেতা-কর্মীদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটে তারেক রহমান এভারকেয়ার হাসপাতাল এলাকায় পৌঁছান এবং চার মিনিট পর হাসপাতালে প্রবেশ করেন। তাঁর আগেই বিকেল ৫টা ১০ মিনিটে সেখানে উপস্থিত হন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
হাসপাতালে প্রায় দেড় ঘণ্টা অবস্থানকালে তারেক রহমান তাঁর মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে মায়ের শারীরিক অবস্থার সর্বশেষ খোঁজখবর নেন। সন্ধ্যা সাড়ে ৭টায় হাসপাতাল ত্যাগ করে তিনি গুলশানের বাসভবনের উদ্দেশে রওনা হন।
তারেক রহমানের আগমন ও অবস্থানকে কেন্দ্র করে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর রোডসংলগ্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও আশপাশের এলাকায় টহল দিতে দেখা গেছে।
নিজস্ব সংবাদ : 










