
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গর্ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১০ মার্চ) সকালে গাজীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাজীপুরের আয়োজনে ভাওয়াল রাজবাড়ী মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত উদ্ধার, আহতদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং অগ্নিনির্বাপণের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগের উপপরিচালক আহাম্মেদ হোসেন ভূঁইয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন রেজা, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন, জেলা ত্রাণ কর্মকর্তা মো. আওলাদ হোসেন এবং গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন।
মহড়ায় জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, রেড ক্রিসেন্টের সদস্যসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে ভাওয়াল রাজবাড়ী মাঠে মহড়া শেষে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
নিজস্ব সংবাদ : 










