জিএমপি সদর থানা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদকদ্রব্যসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১ কেজি গাঁজা, ৬ গ্রাম হেরোইন ও ১৮৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নতুন পুলিশ কমিশনার আশিক সাইদ দায়িত্ব গ্রহণের পর তাঁর নির্দেশনায় সদর থানা পুলিশের এ বিশেষ অভিযান পরিচালিত হয়। সদর থানা ওসি মো. আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একাধিক দল সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
পুলিশ জানায়, গাঁজাসহ দুজন, হেরোইনসহ দুজন এবং ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নিয়মিত মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্যের ঘটনায় পৃথক পাঁচটি মাদক মামলা করা হয়েছে। গ্রেপ্তার অন্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সদর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।