বিশেষ প্রতিনিধি: গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে মো. ইসমাইল হোসেন নামে এক ব্যক্তিকে দালাল সন্দেহে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাসপাতালের ১৩ তলার একটি কেবিন থেকে তাকে আটক করা হয়। হাসপাতালের আনসার কমান্ডার মো. গোলাম মোস্তফার নেতৃত্বে দায়িত্ব পালনকালে তাকে আটক করেন আনসার সদস্যরা।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসাঈন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন গাজীপুর মহানগরীর সদর থানাধীন হাজীবাগ চা-বাগান এলাকার বাসিন্দা। পরে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।
হাসপাতাল এলাকায় দালালচক্রের তৎপরতা বন্ধ এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদের হয়রানি রোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।