গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) একাডেমিতে উৎপাদিত হস্ত ও কুটিরশিল্পের পণ্য নিতে আগ্রহ প্রকাশ করেছেন কসোভো, মালদ্বীপ, মরক্কো ও সিঙ্গাপুরের রাষ্ট্রদূতেরা। উৎপাদিত পণ্যের গুণগত মানের প্রশংসা করে তাঁরা নিজ নিজ দেশে এসব পণ্য নেওয়ার বিষয়ে চুক্তি করার আগ্রহ জানিয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি পরিদর্শনে গিয়ে তাঁরা এ আগ্রহ প্রকাশ করেন। এ সময় রাষ্ট্রদূতেরা একাডেমির হস্ত ও কুটিরশিল্প, গার্মেন্টস ও ওয়েল্ডিং বিভাগসহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে চার দেশের রাষ্ট্রদূতেরা একাডেমিতে উৎপাদিত বিভিন্ন পণ্যের মান ও বৈচিত্র্য দেখে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি এসব পণ্য নিজ নিজ দেশে নেওয়ার বিষয়ে চুক্তির আগ্রহ জানান। তাঁদের এ আগ্রহ আনসার-ভিডিপির কুটিরশিল্পের পণ্য আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি করেছে।
একাডেমিতে রাষ্ট্রদূতদের উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
পরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে মহাপরিচালক বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় এই কুটিরশিল্প কার্যক্রম শুরু হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও একাডেমিতে উৎপাদিত পণ্যের চাহিদা ও আগ্রহ ব্যাপকভাবে বাড়ছে।
তিনি আরও বলেন, উৎপাদিত পণ্যের প্রতি বিদেশি রাষ্ট্রদূতদের আগ্রহ এ কার্যক্রমের সম্ভাবনাকে আরও বিস্তৃত করবে।
অনুষ্ঠানে আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।