আক্তার হোসাইনঃ সামাজিক সম্প্রীতি জোরদার, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে আয়োজিত এ ফুটবল ম্যাচে আবুল হোসেন মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন সিকদার।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী শফিক, আমজাদ, আলম ভূঁইয়া, মমতাজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।
প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন সিকদার বলেন, সুস্থ জীবনযাপন, সামাজিক বন্ধন দৃঢ় করা এবং নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলার চর্চা বাড়ানো জরুরি। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, এলাকার তরুণদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে নিয়মিত ক্রীড়া আয়োজন প্রয়োজন। এ ধরনের উদ্যোগ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সৌহার্দ্য বাড়ানোর পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখে।
খেলাধুলা, সামাজিক কল্যাণ ও জনস্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডে সাধ্যমতো সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি দেলোয়ার হোসেন সিকদার। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ ফুটবল ম্যাচকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।