শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রেওলা এলাকার দূর্গা পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জয়দেবপুর থানার অধীন বাড়ীয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফুল কবীর ও বাড়ীয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুর আলীসহ গণ্যমান্য ব্যাক্তিরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁরা মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, পূজার আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।
পরিদর্শনকালে বাড়ীয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, “শারদীয় দুর্গোৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা জরুরি। সবাই যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানাই।”
বাড়ীয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুর আলী বলেন, “দুর্গোৎসব আমাদের এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য আমরা স্থানীয়ভাবে পাশে রয়েছি। উৎসবের পরিবেশ সুন্দর রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এ সময় তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।