শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে মঙ্গলবার গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন ও স্থানীয় জনপ্রতিনিধিরা। এ সময় পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেওয়ার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান খান, ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার মঞ্জুর আলী, সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য জাহাঙ্গীর আলমসহ অন্যান্য ইউপি সদস্য এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে অতিথিরা বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার আয়োজন সম্পর্কে খোঁজ নেন। দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তাঁরা। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরিদর্শনকালে সংশ্লিষ্টরা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং উৎসব নির্বিঘ্ন রাখতে পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন। সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপনে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।