
গাজীপুর জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দের আওতায় জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, বার-এট-ল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় গৃহীত পরিকল্পনার আওতায় বিভিন্ন খাতে উন্নয়নমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে জেলার বিভিন্ন এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে আমরা কাজ করছি। মসজিদ, মাদ্রাসা ও মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব প্রতিষ্ঠানের উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি বরাদ্দের অর্থ যেন জনকল্যাণে ব্যবহৃত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। জেলা পরিষদের রাজস্ব ও এডিপি বরাদ্দের আওতায় এসব অনুদান জেলার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও অবকাঠামোগত কার্যক্রমে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
এ সময় চেক গ্রহণকারী বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।