আক্তার হোসাইনঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে সরকারি জিআর চালের ডিও (বরাদ্দপত্র) ও উপহার বিতরণ করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে গাজীপুর জেলা পরিষদের হলরুমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু তাহের মুসুল্লী, সদর উপজেলা বিএনপির সদস্যসচিব ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবুবকর ছিদ্দিক এবং সদর মেট্রো থানা বিএনপির সভাপতি মেহেদি হাসান এলিসসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ।
এসময় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম এমপি সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এসব বরাদ্দপত্র ও উপহার তুলে দেন।
এ সময় সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ উৎসব। গাজীপুর সদর উপজেলার প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে পূজা উদযাপনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখাই আমাদের লক্ষ্য। দুর্গাপূজা উপলক্ষে সরকারি সহায়তা বিতরণের মাধ্যমে পূজামণ্ডপগুলোর আয়োজনকে সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হয়েছে।