গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ, পূবাইল ও বাড়ীয়া ইউনিয়নের ৬৬টি মন্দিরে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে শনিবার (১০ অক্টোবর) পূর্বাচলে আলোচনা সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এসব পূজামণ্ডপের জন্য মোট ৩৯ হাজার ৬০০ কেজি চাল অনুদান হিসেবে প্রদান করেছেন গাজীপুর- ৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। এসময় বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এড সোলেমান মোল্লা, বাড়িয়া ও পূবাইল থানা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর মধ্যে কালীগঞ্জ উপজেলার ৪৫টি, পূবাইলের ১২টি এবং বাড়ীয়া ইউনিয়নের ৯টি মন্দির রয়েছে।
দুর্গাপূজা উদযাপনকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সংশ্লিষ্ট মন্দিরের প্রতিনিধিদের সঙ্গে পূজার সার্বিক প্রস্তুতি, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়।
অনুদানপ্রাপ্ত মন্দিরগুলোর মাধ্যমে পূজার আয়োজন ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনায় সহায়তা করা হবে। দুর্গোৎসবকে নির্বিঘ্ন, সম্প্রীতিপূর্ণ ও আনন্দমুখর করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, কালীগঞ্জ, পূবাইল ও বাড়ীয়া ইউনিয়নের মোট ৬৬টি মন্দিরে ৩৯ হাজার ৬০০ কেজি চাল বিতরণের এ উদ্যোগ শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।