আক্তার হোসাইন: গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের নবগঠিত কমিটির পক্ষ থেকে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলনকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে গাজীপুর সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি লাভলু ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কাশেমকে নতুন কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
বাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমান ও সাধারন সম্পাদক মো: জহিরুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত এই আনন্দ মিছিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ শ্রমজীবী মানুষ অংশ নেন। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে নবগঠিত বাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমান বলেন, "আমি এক দিনে আজকের এই জায়গায় আসিনি।তৃণমূলের বিভিন্ন ধাপ পার হয়ে রাজনীতির মাঠ থেকে উঠে এসেছি। তৃণমূলের আন্দোলন-সংগ্রামে শ্রমজীবী মানুষের সাথে থেকে কাজ করার পর আজ দল আমাকে বাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতির দায়িত্ব দিয়েছে।"
তিনি আরও বলেন, "আমাদের প্রিয় নেতা, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন এবং সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি লাভলু ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কাশেম আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি তার মর্যাদা রক্ষা করব। তৃণমূল থেকে উঠে আসা প্রতিনিধি হিসেবে বাড়িয়া ইউনিয়নের খেটে খাওয়া সাধারণ মানুষের অধিকার আদায় ও এলাকার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখব।"
বক্তব্যের শেষে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং দলীয় নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
নবগঠিত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, "আমাদের ওপর অর্পিত এই দায়িত্ব আমরা অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে পালন করব। বাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলকে সুসংগঠিত করে রাজপথে দলের যেকোনো আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করাই আমাদের মূল লক্ষ্য। শ্রমিক ভাইদের অধিকার আদায়ে ও দলের হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকব।"