‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট। যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে সদর উপজেলার নয়াপাড়ায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
ভাওয়াল টাইগার্স ক্লাব আয়োজিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে পশ্চিম জয়দেবপুর ফুটবল একাডেমিকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে শিরিরচালা ফুটবল একাদশ।
নয়াপাড়ার মাঠে অনুষ্ঠিত খেলায় ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদীন রিজভী। খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মো. তোফাজ্জল হোসেন শেখ।
খেলায় শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত একমাত্র গোলের সুবাদে জয় পায় শিরিরচালা ফুটবল একাদশ। ফলে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে দলটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন মাস্টার, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাইম মোল্লা, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলম, গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক আসিফ সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজক ও অতিথিরা বলেন, যুবসমাজকে মাদক, অপসংস্কৃতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টি করা গেলে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে ইতিবাচক সামাজিক মূল্যবোধ গড়ে উঠবে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।