প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারত—দুই দেশের পরিবেশই ইতিবাচক বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, দুই দেশের সুবিধাজনক সময় বিবেচনা করেই প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ নির্ধারণ করা হবে। তবে এখনো দিন বা মাস নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
দীনেশ ত্রিবেদী বলেন, ‘তাড়াহুড়ো করে খুব বেশি লাভ হয় না। খুব শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে। সফর নিয়ে সার্বিক পরিবেশ ইতিবাচক। দুই দেশের মানুষই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।’
তিনি জানান, বৈঠকে বাংলাদেশ ও ভারতের শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। এসব ক্ষেত্রে দুই দেশেরই আগ্রহ রয়েছে।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাম্প্রতিক ঢাকা সফর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমি কোনো রাজনৈতিক বিষয়ের কথা এখানে বলতে চাই না।’
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।