গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে জনপ্রিয় রেস্তোরাঁ কাচ্চি ডাইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রেস্তোরাঁটির রান্নাঘরে অপরিচ্ছন্ন পরিবেশ, ইঁদুর ও তেলাপোকার উপস্থিতি, মেয়াদ পরিবর্তন করে কনডেন্সড মিল্ক সংরক্ষণ ও ব্যবহারসহ একাধিক অনিয়মের অভিযোগে এ জরিমানা করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) গাজীপুরের জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত কাচ্চি ডাইনে এ অভিযান পরিচালনা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (উপপরিচালক) বি.এম রুহুল আমিন রিমনের নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে রেস্তোরাঁটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পরিচালনার প্রমাণ পাওয়া যায়। সেখানে ইঁদুর ও তেলাপোকার উপস্থিতিও দেখতে পান অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা।
এ ছাড়া মেয়াদ টেম্পারিং করে কনডেন্সড মিল্ক সংরক্ষণ ও ব্যবহারের পাশাপাশি রেফ্রিজারেটরে কোনো ধরনের লেবেল ছাড়াই মাংস সংরক্ষণ করা হচ্ছিল। রেস্তোরাঁ কর্তৃপক্ষ ফায়ার লাইসেন্স ও রেস্তোরাঁ নিবন্ধন সনদ প্রদর্শনেও ব্যর্থ হয়।
এসব অনিয়ম ও অপরাধের বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী কাচ্চি ডাইনকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে ওই অর্থ আদায় করা হয়।
অভিযানে ঢাকা জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলাম, মনিটরিং অফিসার মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা, সাভারের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মোজাম্মেল হোসেনসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।