বিশেষ প্রতিনিধি: তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা এবং ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত করতে ব্যতিক্রমি পদক্ষেপ নিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের প্রত্যক্ষ উদ্যোগে শুরু হয়েছে ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কাশিমপুর গিয়াস উদ্দিন সরকার খেলার মাঠে হাজারো ফুটবল অনুরাগী মানুষের ভালোবাসায় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই টুর্নামেন্টের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মো. শওকত হোসেন সরকার যুবসমাজকে নিয়ে তাঁর সুদূরপ্রসারী পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি অত্যন্ত আবেগঘন ভাষায় বলেন, "আমাদের লক্ষ্য একটাই—ভবিষ্যৎ যুবসমাজকে মাদক ও নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহার থেকে সম্পূর্ণ মুক্ত রাখা, যাতে তারা একটি সুন্দর ও শক্তিশালী বাংলাদেশ গড়তে নেতৃত্ব দিতে পারে। তরুণরা কোনো ক্ষতিকর বা অসামাজিক কাজে জড়াবে না; তারা থাকবে খেলার মাঠে, মেতে থাকবে ক্রীড়া চর্চায়। নিয়মিত খেলাধুলা তাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখবে এবং এই তরুণ শক্তিই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে।"
এর আগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মো. হাসান উদ্দিন সরকার। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা দেখতে মাঠে সমাগম ঘটে স্থানীয় রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিদের। খেলাজুড়ে মাইকে চমৎকার ধারাবর্ণনা ও খেলা পরিচালনায় মাঠ মাতিয়ে রাখেন বিশিষ্ট ক্রীড়াবিদ আব্দুর রহিম খান। টুর্নামেন্টের সার্বিক তত্বাবধানে ছিলেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ আল মামুন।
প্রশাসকের এই বিশেষ আয়োজনের প্রথম দিনেই স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝে অভূতপূর্ব ও অকল্পনীয় উন্মাদনা দেখা যায়। মাঠের গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে চারপাশে কোনো ঠাঁই ছিল না। খেলা দেখতে আসা বহু দর্শক কোনো উপায় না পেয়ে আশপাশের বাসা-বাড়ির ছাদে দাঁড়িয়ে শ্বাসরুদ্ধকর মুহূর্তগুলো উপভোগ করেন।
মাঠে মুখোমুখি লড়াইয়ে নেমেছিল অঞ্চল-০২ (পূবাইল) এবং অঞ্চল-০৮ (কাশিমপুর)। প্রথম থেকেই দু'দলের দৃষ্টিনন্দন আক্রমণ আর পাল্টা আক্রমণে টানটান উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর জয় নিয়ে বিজয়ের হাসি হাসে পূবাইল অঞ্চল।
আয়োজক কমিটি জানিয়েছে, গাজীপুরবাসীকে মাদকমুক্ত সামাজিক পরিবেশ উপহার দিতে এবং খেলাধুলার এই ধারা অব্যাহত রাখতে টুর্নামেন্টের পরবর্তী সকল ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনাল গাজীপুরের বিভিন্ন ঐতিহ্যবাহী স্টেডিয়াম ও বড় বড় মাঠে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।