পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের বাঘেরবাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বাঘেরবাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্না, সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওনের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্যসচিব ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু বকর সিদ্দিক বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।
কর্মসূচিতে জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।