আক্তার হোসাইনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু বকর সিদ্দিক।
আলোচনা সভায় তিনি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন।
আবু বকর সিদ্দিক বলেন, বিএনপি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। প্রতিষ্ঠার পর থেকেই দলটি গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে সংগ্রাম করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের বিষয় নয়, বরং দেশ ও জনগণের প্রতি বিএনপির দায়িত্ব ও অঙ্গীকার নতুন করে স্মরণ করার দিন।
তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মসূচি পালনের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও দেশের মানুষের কল্যাণে বিএনপির সকল নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভায় গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলন এমপির সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী (বার-এট-ল) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহণ বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ওমর ফারুক শাফিন, গাজীপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লী প্রমুখ।