গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী (বার-এট-ল) বলেছেন, জনগণের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিতে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। এলাকার মানুষের প্রয়োজন ও দাবিকে গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে আরও উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।
শনিবার (১৫ আগস্ট) কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নে গাজীপুর জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে দুটি সড়ক আরসিসি করণ এবং জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম রাখালিয়াচালা মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় মাজু খান বাজার থেকে মুসলেমের বাড়ি পর্যন্ত এবং শহীদ ইলিম চত্বর থেকে কাসেমের বাড়ি পর্যন্ত সড়ক আরসিসি করণ কাজের উদ্বোধন করা হয়। পাশাপাশি জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম রাখালিয়াচালা মাদ্রাসার নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ড. ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, “ভালো যোগাযোগব্যবস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাজের মান নিশ্চিত করে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব এম আনোয়ার হোসেন, কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক মামুদ সরকারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।