প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। এ কর্মসূচির উদ্বোধন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) গাসিকের পুবাইল অঞ্চলের বিন্দান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। একই দিনে পুবাইলের ৪২ নম্বর ওয়ার্ডের বাদুরতলা সড়কের দুই পাশেও বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এ সময় প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, "বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার উদ্যোগ নয়, এটি আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকার। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত এ কর্মসূচি সফল করতে গাজীপুরের প্রতিটি এলাকায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।"
তিনি গাজীপুরের সর্বস্তরের জনগণকে এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা নিশ্চিত করেও সবুজ পরিবেশ গড়ে তুলতে হবে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণেই এ উদ্যোগ সফল হবে।
গাজীপুর সিটি কর্পোরেশন সূত্র জানায়, পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের দুই পাশ, খোলা জায়গা ও জনসমাগমস্থলে ৫০ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হবে। এর মাধ্যমে নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।