দ্রুত নগরায়ণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বর্জ্যের পরিমাণ। ফলে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণ এখন গাজীপুর মহানগরের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ বাস্তবতায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামো গড়ে তোলা এবং সবুজায়ন সম্প্রসারণে নতুন উদ্যোগ নিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন।
শনিবার (৪ জুলাই) সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে নির্মিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (STS)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। একই দিনে মহানগরের ১৮ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, একটি আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তুলতে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। নাগরিক সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং টেকসই নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় গাজীপুর সিটি কর্পোরেশন পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, নগরবাসীর সহযোগিতা ছাড়া পরিচ্ছন্ন গাজীপুর গড়ে তোলা সম্ভব নয়।
একই অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগরাঞ্চলে তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যাপক সবুজায়ন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই নগরজুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামো নির্মাণের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ, দক্ষ পরিচালনা এবং নাগরিকদের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করা গেলে গাজীপুরের পরিচ্ছন্নতা ব্যবস্থায় দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচি নগরীর পরিবেশগত ভারসাম্য রক্ষা ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গাজীপুর সিটি কর্পোরেশনের দাবি, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।