নগর উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং চলমান প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনায় গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানম (যুগ্মসচিব), ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ সানিউল কাদের, প্রধান প্রকৌশলী মো. আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা এবং কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রধানরা।
সভায় গত কর্পোরেশন সভার কার্যবিবরণী অনুমোদনের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি), রাজস্ব ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা এবং সম্পত্তি ব্যবস্থাপনাসহ নগর পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং বাস্তবায়ন কার্যক্রম ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, “গাজীপুরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য মহানগর হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে। নাগরিক সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন, রাজস্ব আহরণ বৃদ্ধি, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। নগরবাসীর প্রত্যাশা পূরণে সেবামুখী প্রশাসন গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।”
সভায় নগরবাসীর সেবার মানোন্নয়ন, চলমান উন্নয়ন কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং গাজীপুর মহানগরীর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি নাগরিকবান্ধব ও জবাবদিহিমূলক নগর প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগগুলোকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।