পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ নগরী গড়ে তোলার লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশন ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। রবিবার (১৪ জুন) মহানগরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মাস্টারবাড়ি থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত সড়কের পাশে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এক বছরের মধ্যে ৫০ হাজার গাছের চারা রোপণ করা হবে। কর্মসূচির আওতায় নিম, আম, কাঁঠালসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।
তিনি আরও বলেন, “গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি ‘গ্রীন সিটি’তে রূপান্তর করা এবং মাননীয় প্রধানমন্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং তাপমাত্রা সহনীয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
সংশ্লিষ্টরা জানান, নগরায়ণের ফলে ক্রমশ কমে আসা সবুজায়ন ফিরিয়ে আনতে এবং পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে গাজীপুর সিটি কর্পোরেশন দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মাধ্যমে মহানগরজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে গাজীপুরকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো বলে মনে করছেন স্থানীয়রা।