মো. রাকিব হোসেনঃ প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে গাজীপুর সিটি কর্পোরেশনে শুরু হয়েছে দৃশ্যমান পরিবর্তনের মহাযজ্ঞ। প্রশাসক শওকত হোসেন সরকারের নেতৃত্বে আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরী গড়ার লক্ষ্যে নগরজুড়ে চলছে ব্যাপক পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন কার্যক্রম। দীর্ঘদিনের অব্যবস্থাপনা কাটিয়ে নতুন রূপে ফিরছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পনগরী গাজীপুর।
প্রশাসক শওকত হোসেন সরকারের সরাসরি নির্দেশনায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকের তত্ত্বাবধানে এবং উপ-সহকারী প্রকৌশলী আমজাদ হোসেনের নিবিড় নজরদারিতে আব্দুল্লাহপুর থেকে গাজীপুর পর্যন্ত বিআরটি প্রকল্প এলাকার দীর্ঘদিনের জমে থাকা যত্রতত্র বর্জ্য সরিয়ে সড়কের সৌন্দর্য ফিরিয়ে আনার কাজ চলছে। পাশাপাশি ফুলের গাছ রোপণ, মিডিয়ান পরিচর্যা এবং সবুজায়নের মাধ্যমে পরিবেশ মনোরম করতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ।
শিববাড়ি থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত সড়কের দু’পাশে ধুলোবালি অপসারণ, ময়লা পরিষ্কার এবং পরিবেশ উন্নয়নের কাজ জোরেশোরে চলছে। নগরীর ব্যস্ততম এই সড়কে এখন দেখা যাচ্ছে পরিচ্ছন্নতার নতুন চিত্র।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পরিবেশ রক্ষায়ও নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, খোলা জায়গা পরিষ্কার, আগাছা নিধন এবং সৌন্দর্যবর্ধনের নানা কার্যক্রম একযোগে বাস্তবায়ন করছে সিটি কর্পোরেশন।
শুধু তাই নয়, আব্দুল্লাহপুর থেকে কাশিমপুর, কোনাবাড়ী হয়ে টাঙ্গাইল সীমান্ত পর্যন্ত সড়কের দুই পাশে দিনরাত পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। ময়লা অপসারণ, আগাছা পরিষ্কার, মিডিয়ান ও সড়কদ্বীপে ফুলের গাছ লাগানোসহ নানা উন্নয়নমূলক কাজ এখন দৃশ্যমান।
প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, “গাজীপুরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করছি। নগরবাসীর প্রত্যাশা পূরণে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “যেখানে ময়লা থাকবে, সেখানে অভিযান চলবে। যেখানে অব্যবস্থাপনা থাকবে, সেখানে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। গাজীপুরের প্রতিটি সড়ক, প্রতিটি ওয়ার্ড ও প্রতিটি জনপদে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া হবে।”
তিনি বলেন, “শুধু সৌন্দর্যবর্ধন নয়, নাগরিক সেবা সহজ করা, যানজট নিরসন, পরিবেশ রক্ষা এবং টেকসই নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। জনগণের করের টাকায় জনগণের সেবা নিশ্চিত করা হবে।”
আরও বলেন, “গাজীপুরকে দেশের মডেল সিটি কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠা করতে প্রশাসন দিনরাত কাজ করছে। নাগরিকদের সহযোগিতা পেলে এই পরিবর্তন আরও দ্রুত দৃশ্যমান হবে।”
নগরবাসী বলছেন, প্রশাসক শওকত হোসেন সরকারের দৃঢ় নেতৃত্বে গাজীপুরে ফিরছে শৃঙ্খলা, সৌন্দর্য ও আধুনিকতার ছোঁয়া। বহুদিনের অবহেলিত নগর এখন দ্রুতই রূপ নিচ্ছে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও উন্নত মহানগরীতে।