গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতারক ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ।
তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে বিভিন্ন কৌশলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার ঘটনা বাড়ছে। কেউ আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করুক বা অন্য কোনো পদ্ধতিতে প্রতারণা করুক—তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ওসি হারুন অর রশীদ আরও জানান, বাসন থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ইতোমধ্যে একাধিক প্রতারক ও অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, “প্রতারকরা নানা কৌশলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তাই সবাইকে সচেতন থাকতে হবে এবং সন্দেহজনক কোনো কার্যক্রম দেখলে দ্রুত পুলিশকে অবহিত করতে হবে।”
বাংলাদেশ পুলিশ এর এই কর্মকর্তা আরও বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় প্রস্তুত। অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে বলেন, “পুলিশ-জনগণের সম্মিলিত প্রচেষ্টাতেই অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব।”