নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে গাজীপুর সিটি করপোরেশন। টঙ্গীর শিলমুন এলাকায় নবনির্মিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো বর্জ্য ব্যবস্থাপনার নতুন কার্যক্রম।
বুধবার (৪ মার্চ) নগরীর ৪৭ নম্বর ওয়ার্ডের শিলমুন এলাকায় আকিজ বেকার্স লিমিটেডের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
উদ্বোধনী বক্তব্যে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, “গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি এবং নাগরিকদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এসটিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে প্রচলিত পদ্ধতিতে বর্জ্য অপসারণের কারণে কমপ্যাক্টর ট্রাকের জন্য দীর্ঘ সময় অপেক্ষা, দুর্গন্ধ ও তরল বর্জ্য নিঃসরণের মতো পরিবেশগত সমস্যা সৃষ্টি হচ্ছিল। নতুন এসটিএস এসব সমস্যার কার্যকর সমাধান দেবে।
তিনি জানান, এই স্টেশনের মাধ্যমে নির্ধারিত স্থানে দ্রুত বর্জ্য স্থানান্তর সম্ভব হবে, ফলে সড়কে ময়লার স্তূপ ও দুর্গন্ধ কমবে এবং নগরীর সামগ্রিক পরিবেশ উন্নত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, সচিব আমিন আল পারভেজ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা মনে করছেন, আধুনিক এই এসটিএস চালু হওয়ায় টঙ্গী ও আশপাশের এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে এবং নগরবাসী পাবে আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ।