আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর মহানগর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এরই অংশ হিসেবে জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার সদর মেট্রো থানাধীন বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে কমিশনার ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণপূর্ব প্রস্তুতি এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কার্যক্রম খুঁটিয়ে দেখেন। তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিরপেক্ষতা বজায় রাখার কঠোর নির্দেশনা প্রদান করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। কমিশনার মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে সম্ভাব্য ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পুলিশ কমিশনার বলেন, ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে গাজীপুর মহানগর এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। নির্বাচন ঘিরে নজরদারি, টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
জিএমপি সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।