ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গাজীপুরে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার।
সভায় নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও আন্তঃসংস্থাগত সমন্বয় জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ কমিশনার সভায় উপস্থিত বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের মতামত ও পরামর্শ মনোযোগসহকারে শোনেন।
পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সকল সংশ্লিষ্ট সংস্থাকে একযোগে কাজ করতে হবে। তিনি নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত বাহিনী ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিনিধি, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, ডিজিএফআই, র্যাব, এনএসআই, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিভিল সার্জন, জেলা নির্বাচন অফিসার, পল্লী বিদ্যুৎ সমিতি-১ গাজীপুরের প্রতিনিধিসহ জিএমপির উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা।