গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) নাগরিক সেবার অংশ হিসেবে হারানো মোবাইল ফোন উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। পুলিশের প্রযুক্তিনির্ভর তৎপরতা ও অনুসন্ধানের মাধ্যমে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
জিএমপি সূত্রে জানা গেছে, পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারের সার্বিক দিকনির্দেশনায় মেট্রোপলিটন পুলিশের এলআইসি (LIC) শাখা ধারাবাহিক অনুসন্ধান ও যাচাই-বাছাই শেষে এসব মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।
শনিবার (২৪ জানুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে মোবাইল ফোন হস্তান্তর করেন উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) মোঃ জাহিদ হাসান ভূঞা, পিপিএম (বার)।
এ সময় তিনি বলেন, “গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জনগণের জান-মালের নিরাপত্তার পাশাপাশি হারানো সম্পদ উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রযুক্তির সঠিক ব্যবহার ও নাগরিকদের সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।”
মোবাইল ফোন ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগীরা এবং পুলিশের এই উদ্যোগকে জনবান্ধব ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।