সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারত সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও শেষ শ্রদ্ধা নিবেদন করতে তিনি স্বল্পকালীন সফরে বাংলাদেশে পৌঁছাবেন।
এদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও আগামীকাল বুধবার বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসবেন বলে জানা গেছে। এছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীও খালেদা জিয়ার শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসার কথা রয়েছে।
আন্তর্জাতিক এসব প্রতিনিধিদের আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।