সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ভাষণে প্রধান উপদেষ্টা জানান, খালেদা জিয়ার মৃত্যুতে আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত—৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি—তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ সময় দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।
এ ছাড়া, মরহুমার প্রতি সম্মান জানিয়ে বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে দেশ এক অভিজ্ঞ ও প্রভাবশালী রাজনৈতিক নেত্রীকে হারাল। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।