গাজীপুর মহানগরের গাছা থানার পুলিশ বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী মিয়া কসাইকে গ্রেপ্তার করেছে।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১০টায় এই অভিযান পরিচালনা করে গাছা থানার পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে তথ্যটি জানান জিএমপি ক্রাইম ডিসি (দক্ষিণ) মোঃ মহিউদ্দিন আহমেদ।
ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া চায়না ফ্যাক্টরীর গলির তাহেরের মালিকানাধীন বাড়ির ভাড়াটিয়া মুসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই-এর ভাড়া কক্ষের তল্লাশি চালায়। এ সময় তার কক্ষে রাখা স্টিলের আলমারিতে দু'টি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন এবং ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মুসলেম উদ্দিন বরিশালের বাকেরগঞ্জ থানার মৃত জালাল মিয়া ও মৃত রওশন আরা দম্পতির ছেলে। সে ভোটার আইডিতে স্থায়ী ঠিকানা হিসেবে ডিএমপি’র হাতিরঝিল থানার নয়াটোলা, মগবাজার উল্লেখ করেছে। তবে অস্থায়ীভাবে সে গাজী থানা এলাকায় অস্ত্র ও মাদক ব্যবসা পরিচালনা করতো।
মামলার প্রেক্ষাপটে গাছা থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ বাদি হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। এছাড়া তার বিরুদ্ধে হাতিরঝিল ও শাহজাহানপুর থানায় মাদক ও অস্ত্র মামলার সন্ধানও পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত মিয়া কসাইকে পরে আদালতে হস্তান্তর করা হবে।