বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরে তার বাবা স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটে রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত শহীদ জিয়ার মাজার প্রাঙ্গণে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।
জুমার নামাজ শেষে বিকেল সাড়ে ৪টার পর গুলশানের ১৯৬ নম্বর বাসভবন থেকে মাজারের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। মাজার প্রাঙ্গণে পৌঁছালে তিনি প্রথমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মাজার জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিএনপির শীর্ষ নেতৃত্ব।
রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ এই সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে শহীদ রাষ্ট্রপতির মাজারে শ্রদ্ধা নিবেদনকে বিএনপির রাজনৈতিক ধারাবাহিকতা ও আদর্শিক অবস্থানের প্রতীক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে দেশে ফিরে প্রথমেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যান তারেক রহমান।
উল্লেখ্য, ২০০৬ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ার পর বাবার মাজার জিয়ারত করেছিলেন তারেক রহমান। দীর্ঘ সময় পর দেশে ফিরে পুনরায় শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন রাজনৈতিক অঙ্গনে নতুন করে তাৎপর্য যোগ করেছে।