তীব্র শীতের কনকনে রাতে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে গাজীপুর জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে গাজীপুর শহরের বিভিন্ন এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন।
শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে থাকা দরিদ্র ও ভাসমান মানুষের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। গভীর রাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে জেলা প্রশাসক নিজ হাতে শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। তারা জানান, সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্বের অংশ এবং শীত মৌসুমে এই সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শীতের তীব্রতা বৃদ্ধি পেলে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। মানবিক এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন উপকারভোগীরা।