ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর–২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি।
সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে তাঁর হাতে মনোনয়নের চিঠি তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিজয়ের প্রত্যাশায় ‘ভি’ চিহ্ন প্রদর্শনের মাধ্যমে উচ্ছ্বাস ও দলীয় ঐক্যের বহিঃপ্রকাশ ঘটান।
মনোনয়নপ্রাপ্তির প্রতিক্রিয়ায় এম. মঞ্জুরুল করিম রনি বলেন, “বিএনপি আমার ওপর যে দায়িত্ব ও আস্থা রেখেছে, তা যথাযথভাবে পালন করাই আমার প্রধান লক্ষ্য। গাজীপুর–২ আসনের মানুষের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমি নিরলসভাবে কাজ করব। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
দলীয় সূত্র জানায়, গাজীপুর–২ আসন বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় আসন। এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে সক্রিয় থাকায় এম. মঞ্জুরুল করিম রনির প্রতি নেতাকর্মীদের আস্থা ও সমর্থন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
মনোনয়ন ঘোষণার পর গাজীপুর–২ আসনের বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।